বাংলা ভাষা বলায় খুনের অভিযোগ, বাঙালি শ্রমিকের মৃত্যুকে ঘিরে ক্ষোভে মমতা

বাংলা ভাষা বলাকে কেন্দ্র করে বাঙালি শ্রমিকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য, ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।

2 Min Read

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ নতুন নয়। এই ইস্যুতে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে গিয়ে মৃত্যু হল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, এবং এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।

নিহতের নাম সুখেন মাহাতো। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডি এলাকায়। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার অন্তর্গত করেগাঁও ভিমা এলাকা থেকে পুলিশ তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, সুখেন মাহাতোকে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের দাদা তুলসীরাম মাহাতো ইতিমধ্যেই থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২১ সাল থেকে সুখেন পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। করেগাঁও ভিমা সংলগ্ন সনৎবাড়ি এলাকার একটি গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থায় তিনি কর্মরত ছিলেন। পরিবারের দাবি, বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁকে মারধর করা হয় এবং সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এই ঘটনায় তিনি “স্তম্ভিত, ক্রুদ্ধ ও গভীরভাবে মর্মাহত”। তিনি বলেন, সুখেন মাহাতো তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এবং ভাষা ও পরিচয়ের কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ।

মুখ্যমন্ত্রী দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, এই কঠিন সময়ে রাজ্য সরকার ও বাংলার মানুষ তাঁদের পাশে রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সবরকম সাহায্য করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *