Murshidabad Crime News: খেলতে থাকা শিশুদের লক্ষ্য করে গুলি শিক্ষকের, আহত এক
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। বাড়ির সামনে মাঠে খেলতে থাকা শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় এক শিশু আহত হয়েছে এবং বর্তমানে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সমীরকুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিনের মতোই শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে ১০-১২ জন শিশু খেলছিল। খেলতে গিয়ে হঠাৎ বলটি গিয়ে লাগে অভিযুক্ত শিক্ষকের বাড়ির দরজায়।
অভিযোগ, এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক বাড়ি থেকে একটি পাখি মারার বন্দুক (এয়ারগান) নিয়ে বেরিয়ে আসেন এবং শিশুদের দিকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালান। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে শিশুরা ছুটে পালানোর চেষ্টা করে। সেই সময় এক শিশুর হাতে গুলি লাগে।
আহত শিশুর বাবা বিশ্বজিৎ সাহা জানান, প্রতিদিনের মতোই বাণীপুর এলাকার ফাঁকা মাঠে খেলছিল বাচ্চারা। খেলতে গিয়ে বল দরজায় লাগতেই সমীরকুমার মণ্ডল ক্ষিপ্ত হয়ে পড়েন এবং চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। পালানোর সময় তাঁর ছেলের হাতে গুলি লাগে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে তাঁর বাড়ি থেকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে বন্দুকটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্দুকটি কী ধরনের তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটি একটি আধুনিক এয়ারগান। যদিও অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছিলেন এবং কারও গায়ে লাগবে তা বুঝতে পারেননি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
